• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

১০০ কোটি মার্কিন ডলারের পুরস্কার নিয়ে মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ

প্রভাত রিপোর্ট / ১২৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

প্রথমবারের মতো বৃহৎ পরিসরে হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। খেলবে ৬ মহাদেশের ৩২টি দল। ক্লাব বিশ্বকাপ শুরুর ৮০ দিন বাকি থাকতে গতকাল অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফিফা। অর্থের অঙ্কটা চোখ কপালে তোলার মতো। আসরে মোট ১০০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকার সমান। ইউরোপের শীর্ষ কোনো দল (যেমন—রিয়াল মাদ্রিদ) চ্যাম্পিয়ন হলে পেতে পারে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ ডলার (১ হাজার ৫১৯ কোটি ৬৫ লাখ টাকা), যা ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার চেয়ে প্রায় তিন গুণ বেশি। মেসি-দি মারিয়া-মার্তিনেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন ৪ কোটি ২০ লাখ ডলার। সেই সময় তা প্রায় ৪৪০ কোটি টাকার সমান ছিল, বর্তমানে ৫১০ কোটি ৬০ লাখ টাকার বেশি।
ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার হিসেবে ৩২ দলকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার (৬ হাজার ৩৮২ কোটি ৫৬ লাখ টাকা) দেওয়া হবে।
শীর্ষ র‍্যাঙ্কিংধারী ইউরোপীয় ক্লাব (যেমন—রিয়াল মাদ্রিদ) টুর্নামেন্টে অংশ নিয়ে পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার (৪৬৪ কোটি ২৮ লাখ টাকা), ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার (৪৩ কোটি ৫২ লাখ টাকা)। ক্লাব বিশ্বকাপে মোট ৬৩ ম্যাচ হবে। বাকি ৪৭ কোটি ৫০ লাখ ডলার (৫ হাজার ৭৭৪ কোটি ৬৯ লাখ টাকা) দেওয়া হবে সেই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে ২০ লাখ ডলার (২৪ কোটি ৩০ লাখ টাকা)। ম্যাচ ড্র করে দুই দল ১২ কোটি ১৫ লাখ টাকা সমানভাবে ভাগ করে নেবে।
শেষ ষোলো পর্বে জয়ী আট দল পাবে ৭৫ লাখ ডলার (৯১ কোটি ১৭ লাখ টাকা)। এরপর কোয়ার্টার ফাইনালে জয়ী চার ক্লাব ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার (১৫৯ কোটি ৫৬ লাখ টাকা) করে, সেমিফাইনালে জয়ী দুই ক্লাব ২ কোটি ১০ লাখ ডলার (২৫৫ কোটি ৩০ লাখ টাকা) করে পাবে। আর রানার্সআপ দল ৩ কোটি ডলার (৩৬৪ কোটি ৭১ লাখ টাকা) এবং চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার (৪৮৬ কোটি ২৯ লাখ টাকা)। ১৪ জুলাই ফাইনাল হবে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। কাল ক্লাব বিশ্বকাপের অর্থ পুরস্কার ঘোষণার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপের বিতরণ মডেল ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়কে প্রতিফলিত করে। গ্রুপ পর্ব ও প্লে-অফ ফরম্যাটে খেলা হবে। এই ফুটবল টুর্নামেন্টে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে, যেখানে চ্যাম্পিয়ন দলকে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সম্ভাব্য অর্থ প্রদানের সম্ভাবনা আছে।’
টুর্নামেন্ট সম্প্রচার চুক্তিতে দেরি হওয়ায় অর্থ পুরস্কার ঘোষণা করতেও কিছুটা বেশি সময় লাগল ফিফার। সম্প্রচার স্বত্ব পেয়েছে ক্রীড়া ও বিনোদন বিষয়ক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএন। ফিফার সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর সবকিছু মসৃণভাবেই এগিয়ে যাচ্ছে। এ মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে ক্লাব বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছেন ইনফান্তিনো। সোনালি ট্রফিটা বেশ কিছু দিন হোয়াইট হাউজের ওভাল অফিসে রাখা ছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও