• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

ডেমরা-যাত্রাবাড়ীতে পরিবেশ বিপর্যয়: বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ১৯১ বার
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

হাবিবুর রহমান, ডেমরা : পরিবেশ ধ্বংসকারী স্টিল মিল ও ময়লার ভাগাড়ের পোড়া বিষাক্ত ধোঁয়া থেকে মুক্তি পেতে ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ৩ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। ‘কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টার দিকে ডেমরা, কোনাপাড়া, মাতুয়াইল ও যাত্রাবাড়ি এলাকার সড়কের দু’পাশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু-কিশোরসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ পরিবেশ ধ্বংসকারী স্টীল মিল ও সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় অপসারণের জোর দাবি জানান। এ সময় বক্তারা শাহরিয়ার স্টীল মিল, জহির স্টীল মিল এবং মাতুয়াইলের ময়লার ডিপোসহ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সকল কলকারখানা অবিলম্বে নিরাপদ জোনে সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
সংগঠনটির সভাপতি মো. ওবায়দুল্লাহ খান হিমুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. বোরহানউদ্দিন, নাসির আহমেদ, মাসুম বিল্লাহ, সাংবাদিক এম এ নোমান, মাওলানা মামুন, সালামত উল্লাহ ও সিদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্টীল মিল ও ভাগাড় থেকে নির্গত কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও সিসার মতো ক্ষতিকর উপাদান মিশে এলাকার পরিবেশ ও মানবদেহের মারাত্মক ক্ষতি করছে। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব মিল-কারখানা অন্যত্র সরিয়ে নেওয়া না হলে এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, কারখানাগুলো থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, “প্রতিদিন ক্লাসে ঢুকতেই চোখে পানি চলে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ধোঁয়ার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্রেণিকক্ষে টেকাও কঠিন হয়ে পড়েছে।”
আবদুল মান্নান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রোমান বলেন, “আমরা প্রতিনিয়ত বিষাক্ত ধোঁয়া সহ্য করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত। ছাত্রদের মধ্যে অনেকেই ইতোমধ্যে শ্বাসকষ্ট, চোখের জ্বালা ও মাথাব্যথার মতো উপসর্গে ভুগছেন। এমনকি কয়েকজনকে চিকিৎসাও নিতে হয়েছে।”
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও এলাকাবাসী অবিলম্বে এসব দূষণকারী স্থাপনা নিরাপদ অঞ্চলে স্থানান্তরের দাবি জানান এবং মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। তাঁরা বলেন, এটি সরকারের নৈতিক ও আইনগত দায়িত্ব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও