আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৫
মো.কামাল উদ্দিন,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে বাড়ি ঘর নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আকরাম উল্যাহ বীর প্রতীক। রবিবার সকালে তিনি নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে স্থানীয় একটি মাদ্রাসার সুপার মাওলানা গাজী আবুল হোছাইন।
লিখিত বক্তব্যে তিনি জানান, একই গ্রামের মৃত ছায়েদুল্লাহ ছেলে আবু তাহের ও তার পুত্র মিজান মুক্তিযোদ্ধা আকরাম উল্যাহ ও তার সন্তানদের মালিকানাধীন জমিতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় জোরপূর্বক দখল করে বাড়ি ঘর নির্মাণ করে যাচ্ছে। হাইকোর্টে তাদের সিভিল রিভিশন মামলা় নং ১০৪/২০২৫ বিচারাধীন ও উক্ত মামলায় স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে। এ ব্যাপারে বিবাদীদেরকে তাদের স্থানীয় রাজনৈতিক নেতা ও তাদের আত্মীয় রহিমপুর গ্রামের জনৈক ফারুক সহ একটি মহল শেল্টার দিয়ে যাচ্ছেন। জমি জবর দখলে বাধা দিতে গেলে জবর দখলকারীরা মুক্তিযোদ্ধা আক্রাম উল্লাহ ও তার ছেলেদের প্রাণে হত্যার হুমকি দেয়। বর্তমানেও তাদের জবরদখল এবং হুমকি ধমকী অব্যহত থাকায় তিনি তার পরিবারে সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত জীবন যাপন করছেন।সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, জবর দখলকারিদের হাত থেকে নিজ মালিকানাধীন জমি রক্ষার জন্য পরিবারের পক্ষ থেকে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও জেলার পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে প্রতিকার প্রার্থনা করেও কোন প্রতিকার পাননি।
নিজের মালিকানাধীন জমি ফেরত পেতে ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.