ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে সংস্কৃতি বিষয়ক বিষয়ক মন্ত্রণালয়ে সহযোগিতায় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকীর তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা গতকাল মঙ্গলবার বিকেলে সমাপ্তি হয়েছে। এ লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ এবং কবি ও লেখক রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। এ লক্ষে সরকারি নজরুল একাডেমি মাঠে নজরুল মেলায় ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
এ দিকে অনুষ্ঠান কভারেজ করতে এসে বাঁধার সম্মুখীন হয়েছেন সংবাদকর্মীরা। বিকেলে উপজেলার সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ছবি, ভিডিও করতে বাঁধা পাওয়ার অভিযোগ করেন সংবাদকর্মীরা। তারা দাবি করেন অনুষ্ঠান কভারেজ করতে আসা জনাদশেক পেশাদার সাংবাদিক তাদের পেশাগত দায়িত্বপালন কালে ছবি, ভিডিও করতে যেয়ে সেখানে থাকা রেডক্রিসেন্ট সোসাইটি ও স্কাউটসের সদস্য দ্বারা বাঁধা এবং হেনস্থার সম্মুখীন হন। তারা বলেন ইউএনও স্যারের নিষেধ আছে, আপনার ছবি ও ভিডিও করতে পারবেন না। পরে প্রশাসনকে বিষয়টি অবগত করে সংবাদকর্মীরা ওইদিনের প্রোগ্রাম বয়কট করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীর সাথে সংকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, উপস্থিত দর্শকরা যাতে ক্ষেপে না যায় তাই এমনটি করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, আসলে বিষয়টি এমন নয়, দু‘জন করে সাংবাদিকদের ছবি ও ভিডিও করতে অনুরোধ করা হয়েছে।