আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ভারী বৃষ্টিতে ৬ জেলায় বন্যার শঙ্কা
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৫
প্রভাত রিপোর্ট: দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শুক্রবার ও শনিবারের মধ্যে এসব এলাকার নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে একই নদীর আশপাশের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ছয় জেলা হচ্ছে ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনা। ভারী বৃষ্টিতে সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামীকাল শুক্রবার ও শনিবার (৩০-৩১ মে) অনেক নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে এসব জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে বলে তিনি জানান।
এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুদিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে এবং এই সময় মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে ফেনী জেলার মুহুরী নদীর আশপাশের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। পরবর্তী এক দিন এসব নদীর পানি কমতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই, খলাই ও সোমেশ্বরী নদীগুলোর পানি আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং এই সময় নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে।
আগামী দুই দিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদ-নদীগুলোতে স্বাভাবিক অপেক্ষা বেশি উচ্চতার জোয়ার পরিলক্ষিত হতে পারে। সুরমা-কুশিয়ারা নদীর পানি বর্তমানে কমছে, যা আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে; তবে তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমছে এবং তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলোর পানি আগামী একদিন স্থিতিশীল থাকবে এবং পরবর্তী ৪ দিন বৃদ্ধি পেতে পারে; তবে তা এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
গঙ্গা নদীর পানি বর্তমানে স্থিতিশীল, অপরদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদীগুলোর পানি আগামী ৫ দিন পর্যন্ত বাড়তে পারে; তবে তা বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.