• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

শেরপুরে ভিজিডির ৯৬ বস্তা চালসহ টিসিবির পণ্য জব্দ, বিএনপি নেতা গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১৫৭ বার
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মোঃ নমশের আলম, শেরপুর : শেরপুরের নকলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) আওতায় প্রাপ্ত ৯৬ বস্তা সরকারি চাল ও টিসিবির পণ্য অবৈধভাবে মজুত রাখার অভিযোগে চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার নারায়ণখোলা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। সেনাবাহিনী ও নকলা থানার দুটি পুলিশ দল অভিযানে সহায়তা করে।
এনএসআই সূত্র জানায়, শাহজাহান মিয়া গত বৃহস্পতিবার ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণের সময় ৫০টি কার্ড জালিয়াতির মাধ্যমে সংগ্রহ করে সেগুলোর চাল উত্তোলন করেন। পরে ওই চাল ও টিসিবির বিভিন্ন পণ্য নারায়ণখোলা বাজারের নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত করেন। অধিক দামে বিক্রির উদ্দেশ্যে সেগুলো বাজারজাতের প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রথম দফায় নূর ইসলামের মার্কেট থেকে ৪১ বস্তা চালসহ তাকে আটক করা হয়।
পরবর্তীতে একই রাতে নারায়ণখোলা হাজী মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল জব্দ করা হয়। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, “আটককৃত ব্যক্তি ও জব্দকৃত চাল থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, “জব্দকৃত চাল স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি থানায় রয়েছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জনসাধারণের প্রশ্ন—দরিদ্রদের সহায়তার সরকারি কর্মসূচি যদি এভাবে লুটপাট হয়, তাহলে প্রকৃত উপকারভোগীরা কোথায় যাবে?


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও