প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক বলেছেন, সুস্থ দেশ গড়তে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ান। মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যুব সমাজ এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা বিপথগামী হয়ে পড়েছে। এই মরণব্যাধি নেশা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে।
বুধবার (১১ জুন) বিকেলে নেছারাবাদ উপজেলার বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রাম গঞ্জের আনাচে কানাচে মাদকের সরবরাহ বেড়ে গেছে। আপনারা নেশাগ্রস্তদের চেয়েও কারা বিক্রি করছে তাদেরকে ধরিয়ে দিন। সবার সমন্বিত প্রচেষ্টায় এদেশ মাদক মুক্ত হবে।
মোঃ নাজিমুল হক বলেন, আপনারা নতুন বাংলাদেশ উপহার দিতে অনেক যুদ্ধ করেছেন পুনরায় আপনাদের যুদ্ধ করতে হবে মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। আসুন আমরা সবাই মিলে সমাজ কুলুষিত মুক্ত সুন্দর করে গড়ে তুলি।
মো. নাজমুল হাসান দুলালের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. আবদুল্লাহ আল বেরুনী সৈকত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা, নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহামুদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. সাইফুল ইসলাম ও যুগ্ম আহবায়ক মো. নাসিম রেজা চঞ্চল সহ অন্যান্য নেতৃবৃন্দ।