আজ
|| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার বিপর্যয় ডেকে আনবে: রাশিয়া
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৫
প্রভাত ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভের বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ইরানে যুক্তরাষ্ট্র কৌশলগত পারমাণব্কি অস্ত্র ব্যবহার করতে পারে বলে গত কয়েক দিন ধরে গণমাধ্যমে বিভিন্ন ধরনের জল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমের এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছেন পেসকভ। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করলেও কোনও সংবাদমাধ্যমের নাম উল্লেখ করেননি।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করার কাজে প্রচলিত বোমা কার্যকর হবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের ব্রিফ করা হয়েছে। ওই স্থাপনা ধ্বংস করতে হলে প্রথমে প্রচলিত বোমা দিয়ে হামলা চালাতে হবে এবং তারপর বি-২ বোমারু বিমান থেকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ফেলতে হবে।
তবে ব্রিটিশ এই দৈনিক বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোরদোতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন না। এছাড়া হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই বিষয়ে কোনও প্রস্তাব দেননি।এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
সূত্র: রয়টার্স।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.