আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে এনসিপির তোরণে দুর্বৃত্তদের আগুন
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৫
প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এনসিপির নারায়ণগঞ্জ জেলা নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের একটি তোরণ পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে পুলিশকে খবর দিয়েছি।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে; তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’তিনি আরও বলেন, ‘এনসিপির নেতৃবৃন্দরা মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর গেট হয়ে চাষাড়ার দিকে আসবেন। ফলে এই রোডগুলোর দিকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি রাখা হয়েছে। গোপালগঞ্জের মতো নারায়ণগঞ্জে কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা নেই।’
Copyright © 2026 প্রভাত. All rights reserved.