আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় : রিজভী
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৫
প্রভাত রিপোর্ট: আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে শিশু হারানো পরিবারের পাশে দাঁড়ানো এবং ঝলসে যাওয়ারা যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য যুবদলের রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষের চোখ নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে সোমবারের ঘটনা। জানি না এর জন্য কারা দায়ী, সেটা সরকার খুঁজে বের করবে। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কেন হচ্ছে, বিমানের ত্রুটি-বিচ্যুতি ছিল কি না, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্ন মানুষের মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, একটি উচ্চপর্যায়ের তদন্ত টিম করে আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা বলে-কয়ে আসে না এটা সত্য, কিন্তু কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয়।’
সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাই যদি যত্নবান হতো, দায়িত্ববান হতো, দায়িত্বে অবহেলা না করতো তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা। এটা সরকারের খতিয়ে দেখা দরকার। আর কত এভাবে মাসুম বাচ্চারা, আলোকপিয়াসী শিশুরা অকালে ঝরে যাবে? এখন এই শিশুদের বাবা-মায়েরা কেমন আছে জানি না, আগুনে পুড়ে, ঝলসে যারা কাতরাচ্ছে- এই সমাজ ও রাষ্ট্র কতটুকু তাদের পাশে দাঁড়াবে এই প্রশ্ন সবার।’
Copyright © 2026 প্রভাত. All rights reserved.