প্রভাত রিপোর্ট: নির্বাচনি ডামাডোলে প্রবেশ করার আগে সরকারকে উদ্যোগী হয়ে দৃশ্যমান ও অগ্রাধিকার ভিত্তিতে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায় শুরু করতে হবে এবং অবশ্যই শ্রম আইন সংশোধন করতে হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কর্তৃক ‘অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর: ১১ দফা শ্রমিক আকাঙ্ক্ষা ও প্রাপ্তি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা গার্মেন্ট শ্রমিক সংহতির ১১ দফার সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, সরকার জুলাই ঘোষণা বা সনদে শ্রমিকদের আকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলিত হয়নি। এমনকি ঐকমত্য কমিশনের শ্রম ও নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ আমলে নেওয়া হয়নি। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকের আকাঙ্ক্ষা জান-জীবিকা ও জবানের অধিকার নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, এ সরকারের প্রধান উপদেষ্টা শ্রম খাতকে আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানোর অঙ্গীকার করেছেন। কিন্তু এখনও শ্রম আইনের যথাযথ সংশোধন সম্পন্ন হয়নি এবং কমিশনের সুপারিশ বাস্তবায়ন হয়নি। সরকারের বিচার-সংস্কার এবং নির্বাচনি রোড ম্যাপের সঙ্গে শ্রমিকের দাবি বাস্তবায়নের কোনও বিরোধ নেই। তাই নির্বাচনি ডামাডোলে প্রবেশ করার আগে সরকারকে উদ্যোগী হয়ে দৃশ্যমান ও অগ্রাধিকার ভিত্তিতে শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায় শুরু করতে হবে এবং অবশ্যই শ্রম আইন সংশোধন করতে হবে।
শ্রম কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ বলেন, দেশের সব শ্রমিক সংগঠন ও অংশীজনদের সঙ্গে নিয়ে শ্রম সংস্কার কমিশন সুপারিশ করতে পেরেছে, এটি একটি অর্জন। কিন্তু এটি বাস্তবায়নে সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সব শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও বলেন তিনি।
গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী পরিচালনায় মতবিনিময়ে লিখিত বক্তব্য উত্থাপন করেন সভা প্রধান ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীনা সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আশরাফ, নাট্যকর্মী ঋতু সাত্তার, দৃশ্যমাধ্যম সমাজের সংগঠক ও চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা দেব, শ্রম বিকাশ কেন্দ্রর পরিচালক সীমা দাস সিমু, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুইয়া এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।