প্রভাত সংবাদদাতা, রূপগঞ্জ: ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কারণ ইতিহাস কখনো ক্ষমা করে না। মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মইন খান। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের কুকর্মের জন্য আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তবুও তাদের অনুশোচনা নেই; বরং তারা পরাশক্তির সহায়তায় ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে, যা কখনোই বাস্তবায়ন হবে না। শনিবার (৯ আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মইন খান বলেন, আধুনিক রূপগঞ্জ ও পূর্বাচল উপশহরের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল মতিন চৌধুরী। এক সময় রূপগঞ্জের মানুষ পূর্বাচল গড়ার বিরোধিতা করলেও আজ তার চারপাশে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। অথচ উপজেলার কোথাও তার নামফলক বা স্থায়ী স্মৃতিচিহ্ন নেই—এ নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে জিম্মি করে শেখ পরিবার অর্থপাচার ও লুটপাট করেছে। তারা পরিবারতন্ত্র কায়েম করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। ড. মইন খান জানান, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না বরং সহনশীলতা ও ভ্রাতৃত্বের রাজনীতি চর্চা করে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নীতির সাথে আপোষ না করে সব ধরনের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আমিরুল ইসলাম ইমন। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দীন , জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি ডাঃ শাহিন মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক খান, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, সাবেক জেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি।