প্রভাত সংবাদদাতা,রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি বনে যাওয়া এবং একাধিক অভিযোগে আলোচিত দাউদপুর ইউনিয়নের নাগদা গ্রামের মোতালিবকে গ্রেফতার করেছে র্যাব-১। শুক্রবার (৮ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় দশকে রাজনৈতিক ছত্রছায়ায় দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে মোতালিব মাদক ব্যবসা, জমি দখল, নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ব্যবসায়ী সহযোগী নেওয়াজের সঙ্গে মিলে প্রায় ২০ বিঘা কৃষিজমিতে জোরপূর্বক বালু ভরাট করে শতাধিক ভুয়া দলিল তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসবের প্রতিবাদ করলেই হামলা, মামলার ভয়ভীতি, অবৈধ অস্ত্রের শোডাউন ও কিশোর গ্যাং ব্যবহারের অভিযোগ শোনা যায়।
এলাকাবাসীর আরও অভিযোগ, প্রায় এক দশক আগে এক প্রভাবশালী পরিবারের গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মোতালিব। প্রথম স্ত্রী থাকার বিষয়টি গোপন রেখে দ্বিতীয় বিয়ে করলেও, দ্বিতীয় স্ত্রী তার অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে দুই বছর ধরে আলাদা থাকছেন। সম্প্রতি যমুনা ব্যাংকের এক নারী কর্মচারীর সঙ্গে কক্সবাজার ভ্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এছাড়া ছাত্র আন্দোলন দমাতে কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপগঞ্জ থানার একটি মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২১ সালের ২ অক্টোবর মোতালিবসহ ১৫০-২০০ জন অস্ত্র ও ককটেল নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং স্বর্ণ, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুট করে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় মোতালিবকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশের দাবি, রিমান্ডে নিলে অবৈধ অস্ত্র উদ্ধার, বিস্ফোরকের উৎস শনাক্ত, পলাতক আসামিদের অবস্থান নির্ণয় এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।