• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম

বাওয়ানী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অভিভাবক সমাবেশ

প্রভাত রিপোর্ট / ১৭১ বার
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

হাবিবুর রহমান, ডেমরা: রাজধানীর ডেমরায় ঐহিত্যবাহী বাওয়ানী স্কুল এন্ড কলেজে প্রকৃত শিক্ষার মানোন্নয়ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ-২০২৫ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেবেকা সুলতানার সভাপতিত্বে শনিবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ সভা হয়। এ সময় স্কুলবিমুখ শিক্ষার্থীদের স্কুলে আসার উৎসাহ জোগাতে প্রয়োজনীয় পদক্ষেপসহ শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যে কোন মূল্যে এসএসসি পরীক্ষায় ভাল ফলাফলসহ শতভাগ উত্তীর্ন হওয়ার লক্ষ্য নির্ধারণের বিষয় নিয়ে নির্দেশনা দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসি নির্বাচনী পরীক্ষায় শিক্ষার্থীরা অকৃতকার্য হলে বোর্ড পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেনা বলে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মন্টু (উপ-সচিব, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও সাবেক স্কাউট লিডার মো. রফিকুল ইসলাম রফিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল জাব্বার, আব্দুল হাই ও তাজুল ইসলাম।
প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলাম রফিক বলেন, বর্তমানে বাওয়ানী স্কুল এন্ড কলেজসহ কোন শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বের ন্যায় রাজনৈতিক কোন প্রভাব চলবেনা। এক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি কোন রাজনৈতিক নেতা বা প্রভাবশালীদের সন্তানও হয় তাদের বেলাতেও স্কুলের নিয়ম অনুযায়ী শিক্ষা কার্যক্রম পালন করতে হবে।
বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমান মন্টু (উপ-সচিব) বলেন, পূর্বের ন্যায় স্কুলে না এসে পরীক্ষায় অংশগ্রহন ও উত্তীর্নের বিষয়ে কোন সুপারিশ চলবেনা। ভবিষ্যত প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে অভিভাবক ও শিক্ষকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও