আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
পানিবন্ধী নাজিরপুর সদর পোস্ট অফিস: গ্রাহকদের দুর্ভোগ
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর পোস্ট অফিসের রাস্তাটি দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকার কারণে গ্রাহকদের দুর্ভোগ চরমে উঠেছে। রাস্তাটির দু-পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ। চিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপন জনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এই পোস্ট অফিসের গুরুত্ব অপরিহার্য। এসব কারণে এখনো বহু গ্রাহক প্রতিদিন উপজেলা পর্যায়ের পোস্ট অফিসে আসেন তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে। অথচ এই পোস্ট অফিসের রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। গতকাল সকালে পোস্ট অফিসে সরজমিন গিয়ে দেখা গেছে, অফিসের রাস্তাটি পানিতে নিমজ্জিত।
নোংরা পানিভর্তি রাস্তা দিয়ে গ্রাহক অফিসে যাচ্ছে। এই নোংরা পানির মধ্যে চলাচল করে অফিসিয়াল কাজকর্ম চালাচ্ছে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে নাজিরপুর সদরের বাসিন্দা সাঈদ সেখ জানান, আমি পোস্ট অফিসের একজন নিয়মিত গ্রাহক। পোস্ট অফিসের রাস্তাটি পানিবন্দি থাকার কারণে আমার কাজে ব্যাঘাত ঘটছে। উপজেলা সদরের পোস্ট অফিসটির এমন বেহাল দশা আমাকে মর্মাহত করেছে।
নাজিরপুর এল, জি, ই, ডি'র উপ সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার জানান, বিষয়টি উপজেলার সমন্বয় মিটিংয়ে কয়েকবার আলোচনা হয়েছে। উপজেলা পরিষদ প্রকল্প অনুমোদন করলে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি বলে জানান।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.