জুয়েল রানা, কালিয়াকৈর : বর্তমান প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সারাদেশের ভোটকেন্দ্রে সাড়ে ৬ লক্ষ আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি শনিবার দুপুরে গাজীপুরের আনসার একাডেমীতে অনুষ্ঠিত ‘সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ (৫ম ধাপ)’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনী সবসময় সতর্ক থাকবে। এজন্য নতুন করে ১ লক্ষ ৮০ হাজার আনসার সদস্যকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুুত করা হয়েছে।
তিনি আরও জানান, ভোট কেন্দ্রভিত্তিক আনসার সদস্যদের সাথে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। কোনো নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, একাডেমী কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার, উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা।
আনসার মহাপরিচালক তাঁর বক্তব্যে সততা, সর্বোচ্চ ত্যাগ ও শৃঙ্খলার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, আনসার বাহিনীকে আরও শক্তিশালী করতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা অব্যাহত রয়েছে। প্রশিক্ষণে যারা উত্তীর্ণ হবেন, তারাই বাহিনীতে সেবা দেয়ার যোগ্য বিবেচিত হবেন।