আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
বাগেরহাটে ৪ টি আসন পূর্ণবহালের দাবিতে কাল অবরোধ
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫
স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বাগেরহাটে ৪টি আসন পূর্ণবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে ঘিরে শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে বক্তব্য দেন নেতারা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল, খাদেম নিয়ামুল নাসির, আলাউদ্দিন হাদিউজ্জামান হিরোসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের ঘোষণা আসার পর থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। তাই বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। যদি রোববারের অবরোধ চলাকালে ৪ আসন পূর্ণবহালের ঘোষণা না আসে, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা আরো বলেন, অবরোধ চলাকালে দূরপাল্লার যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে। সর্বাত্মক অবরোধ সফল করতে সব দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বাগেরহাটে চারটি আসনের একটি কমানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা পূর্ণবহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।এর ধারাবাহিকতায় সর্বদলীয় সম্মিলিত কমিটি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.