আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
চকরিয়ায় সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫
নুরুল ইসলাম সুমন, কক্সবাজার: চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা এখন এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কারহীন থাকায় সড়কটির অধিকাংশ জায়গা খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদায় পরিণত হয়, ফলে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের মাত্রা বেশি। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার সময়ও সড়কের করুণ অবস্থা বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিশুদের স্কুলে পাঠানো আমাদের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। বর্ষায় হেঁটে যাওয়া তো দূরের কথা, মোটরসাইকেল বা অটোরিকশায় চলাচল করাও ঝুঁকিপূর্ণ।”
স্থানীয় বাসিন্দা সাকিব বলেন, “আমরা বহুবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে সড়ক সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। দ্রুত সংস্কার না হলে মানুষের ভোগান্তি আরও বাড়বে।”
শ্রমজীবী মানুষেরাও জানান, ভাঙাচোরা সড়কের কারণে পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ পড়ছে, এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার সড়ক সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে। এলাকাবাসী অবিলম্বে সড়ক সংস্কারের জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জরুরি উদ্যোগ কামনা করেছেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.