মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাসে প্রধান শিক্ষককে গালিগালাজের অডিও ফাঁস হওয়ার পর জাসাস নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী গোফরানকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) তিতাস উপজেলা শাখার ৮নং যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্সির বিরুদ্ধে।
ঘটনার চার মিনিট ১৫ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং স্থানীয় ডিজিটাল ভয়েসে সংবাদ প্রকাশিত হয়।
ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা জাসাস আহ্বায়ক কমিটির নজরে আসলে সংগঠনটি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। জেলা জাসাসের সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান স্বাক্ষরিত বহিষ্কারপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা জাসাস আহ্বায়ক মো. কামাল পারভেজ ডালিম বলেন, “বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সিনিয়র নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করে সোহেল মুন্সিকে বহিষ্কার করি। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তবে ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছিল। কিন্তু এবার আর ছাড় দেয়া হয়নি। তিনি আরও বলেন, “এ ধরনের চরিত্রের মানুষের জাসাসে প্রয়োজন নেই। সংগঠনের সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কেউ সংগঠনের নাম ভাঙিয়ে অপরাধ করলে আমাদের জানাবেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।”