আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
মঠবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৫
মো. বাবুল শেখ ,পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঝাউতলা বাজারে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মিরন হাওলাদারের হামলার শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহান হাওলাদার। ঘটনাটির পর থেকে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল বুধবার ভুক্তভোগি শাহজাহান হাওলাদার জানান, গত ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে ঝাউতলা বাজারে প্রকাশ্যে তাঁকে বিনা উসকানিতে বেদড়ক মারধর করেন আব্দুস ছাত্তার হাওলাদারের ছেলে মিরন হাওলাদার। এ সময় উপস্থিত লোকজন ভয়ে কেউই বাধা দিতে সাহস পাননি।
প্রাণনাশের আশঙ্কায় বর্তমানে শাহজাহান হাওলাদার আত্মগোপনে রয়েছেন। তিনি মঠবাড়িয়া থানা পুলিশ ও প্রশাসনের কাছে দ্রুত সুরক্ষা ও আইনগত সহায়তা চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মিরন হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে— মামলা নং-১৪২/২০১৪, ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৫/৪২৭/৫০৬ (বাংলাদেশ দণ্ডবিধি), মোকাম: ভান্ডারিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত;
এবং মামলা নং-১০৯/২০১৫, ধারা: ৩২৩/৩২৪/৩২৬(ক)/৩০৭/৩৭৯/১১৪, মোকাম: মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দ্বিতীয় মামলায় মিরনের বিরুদ্ধে চোখ উৎপাটনের মতো ভয়ংকর অপরাধের অভিযোগও রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এত মামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের পরও মিরন হাওলাদার এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, যা স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী শাহজাহান হাওলাদার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিচার নিশ্চিত করা এবং তাঁর পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.