আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
কর্মস্থল থেকে ফেরার পথে প্রাণ গেল চকরিয়ার পুলিশ সদস্যের
প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি, ২০২৬
নুরুল ইসলাম সুমন,কক্সবাজার: চট্টগ্রামে মধ্যরাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মুবিনুল ইসলাম। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার বাসিন্দা। নিহত মুবিনুল ইসলাম ওই এলাকার নুরুল আমিনের বড় ছেলে এবং বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যরাতে দায়িত্ব পালন শেষে কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় চট্টগ্রাম এলাকায় তিনি একটি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুবিনুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত হয়ে পড়েন।
স্থানীয়রা জানান, মুবিনুল ইসলাম ছিলেন একজন দায়িত্বশীল, ভদ্র ও সৎ পুলিশ সদস্য। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকায়ও একজন ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন ভালো মানুষ ও দায়িত্ববান আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে হারাল বলে মন্তব্য করেছেন।
এদিকে, মুবিনুল ইসলামের মৃত্যুতে তার সহকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.