প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক এমপি প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে এ জরিমানা করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী বেগম ঝিনুক এর নেতৃত্বে কয়েকশত মহিলাদের তালিমে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চাওয়া হয়। এ অভিযোগের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে এ জরিমানা আদায় করেন।
বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহ জানান, তালিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছে। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে তা আমার জানা নেই।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তালিমে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পাওয়া গেছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।