মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল হুদা। উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।