প্রভাত স্পোর্টস: বুধবার রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এটি ছিল দুই লেগ সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। প্রথম লেগে সিটি জিতেছিল ২-০ গোলে। পেপ গার্দিওলার দলের এই জয়ে আট বছর পর আবার লিগ কাপ ফাইনালে দেখা হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি-আর্সেনালের। মঙ্গলবার রাতে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মিকেল আরতেতার আর্সেনাল। সর্বশেষ ২০১৮ সালে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল সিটি-আর্সেনাল। তখন আরতেতা ছিলেন সিটিতে গার্দিওলার সহকারী।
গত কয়েক মৌসুম ধরে প্রিমিয়ার লিগে সিটি-আর্সেনালের শিরোপা-লড়াই নিয়মিত হয়ে উঠলেও সরাসরি ফাইনালে দেখা প্রায় হয়ই না বললে চলে। ২০২৩ সালে মৌসুম শুরুর ম্যাচ হিসেবে পরিচিত কমিউনিটি শিল্ড বাদে গত অর্ধযুগের বেশি সময়ে এফএ কাপ, লিগ কাপ কোথাও শিরোপামঞ্চে মুখোমুখি হয়নি দুই দল। মূলত এ সময়ে আর্সেনালই কোনো ফাইনালে উঠতে পারেনি।
আট বছরের আগেরটিসহ আর্সেনাল লিগ কাপের ফাইনালে উঠেছে মোট ৮ বার। জিতেছে মাত্র দুবার। তবে ম্যানচেস্টার সিটি ৯ বার ফাইনালে উঠে জিতেছে ৮ বারই। ২০১৭-১৮ মৌসুমের সেই ফাইনালে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়েছিল সিটি।
সেটিই আবার ছিল গার্দিওলার অধীন ম্যান সিটির প্রথম শিরোপা। চলতি মৌসুমে নিজেদের সেরা ফর্মে থাকা (লিগে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে) আর্সেনালের সামনে এবার সুযোগ এসেছে সেই হারের শোধ নেওয়ার। লিগ কাপের ফাইনাল হবে আগামী ২২ মার্চ ওয়েম্বলিতে।
ইতিহাদে বুধবার রাতে মাঠে নামার আগেই সুবিধাজনক অবস্থানে ছিল সিটি। গত মাসে হওয়া প্রথম লেগে নিউক্যাসলের মাঠে ২-০ গোলে জিতে এগিয়ে ছিল তারা। ঘরের মাঠেও অবশ্য অতিথিদের কোনো সুযোগ দেয়নি স্বাগতিকেরা। ওমর মারমুশের জোড়া গোলে ২৯ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ৩২ মিনিটে আরেক গোল করে ব্যবধান ৩-০ করেন তিজানি রেইডার্স।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি নিউক্যাসল। বিরতির পর ৬২ মিনিটে আন্থনি অ্যালেঙ্গা এক গোল শোধ করলে তা শুধু ব্যবধান কমিয়েছে। এই ম্যাচের মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যান সিটির মাঠে টানা ১২টি ম্যাচ হারল নিউক্যাসল। এক প্রতিপক্ষের মাঠে এত দীর্ঘ হারার ধারা নিউক্যাসলের ইতিহাসে আর নেই। ফাইনাল নিশ্চিত হওয়ার পর গার্দিওলা বলেন, ‘আমরা খুব খুশি। ১০ বছরে পাঁচটি লিগ কাপ ফাইনাল বড় অর্জন। শিরোপা জিতলে আরও জেতার আত্মবিশ্বাস আসে।’