প্রভাত রিপোর্ট: পূর্বনির্ধারিত ২০ ফেব্রুয়ারি থেকেই এবারের অমর একুশে বইমেলা শুরু হবে। বইমেলা পেছানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলে জানিয়েছে বাংলা একাডেমি। একই সঙ্গে পবিত্র রমজান মাসে মেলা আয়োজন করায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রকাশকরা ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি জানিয়েছেন, তার কোনো যৌক্তিকতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক বিষয়ে একাডেমির সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেন।