আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
নাজিরপুরের সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬
মো. আল মামুন হোসেন, নাজিরপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাকসী এলাকায় যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। নাজিরপুর আর্মি ক্যাম্পের গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মাদক কারবারি মনির মৃধা (৩৯) ও তার স্ত্রী লুবনা বেগম (৩৪)-এর বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় মনির মৃধা পালিয়ে গেলেও তার স্ত্রী লুবনাকে আটক করা হয়। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা , একটি দেশীয় অস্ত্র এবং একটি অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়। আটক মনিরের স্ত্রী দীর্ঘ দিন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। সকল আলামত জব্দ করে আটক লুবনাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন নাজিরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নওফেল-এর নেতৃত্বে একটি দল। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও অংশ নেন।এর আগে একই এলাকার মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ শহিদুল ইসলাম (রাঙ্গা) এর বাড়িতে অভিযান চালায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে সৌরভ মিনাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এদের প্রথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয় ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.