প্রভাত সংবাদদাতা, শেরপুর : জুলাই গণঅভ্যুত্থানের সময় শেরপুর সদর থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আটক যুবকের নাম হারেজ মিয়া (৩২)। তিনি শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
যৌথ বাহিনী জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে থানা থেকে শটগানটি লুট করা হয়। এরপর থেকেই গোয়েন্দা অভিযান চালানো হয়। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাপমারী এলাকা থেকে শটগানসহ হারেজ মিয়াকে আটক করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ‘আটক হারেজ মিয়ার বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।’