আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
‘টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন নয়’
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের ঘটনা বিচ্ছিন্ন দাবি করার সুযোগ নেই। এটি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন; যা গণবিছিন্ন দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বহন করে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদেন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে একটি জেলার সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে বহন করেছেন তা খতিয়ে দেখতে হবে। তিনি প্রশ্ন রাখেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও কী কারণে এতগুলো টাকা বহন, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সৈয়দপুর বিমাবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই।
মাহদী আমিন বলেন, নির্বাচনে বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেওয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক উল্লেখ করে দেশব্যাপী বিএনপির জনপ্রিয়তার মিছিলে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.