আজ
|| ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
হাসপাতালে অভিষেক, বিপদে থাকা ভারতকে ‘ওয়ার্নিং বেল’ ফারহানের
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত স্পোর্টস: কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ—ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে পাকিস্তান শিবিরে একটু স্বস্তি মিলেছে; কিন্তু ভারতীয় শিবিরে আঘাত হেনেছে দুঃসংবাদ। পাকিস্তানের সমর্থকদের জন্য স্বস্তির খবরটা আগে জানানো যাক। নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দম আটকানো জয় পেলেও কাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানের জয়ে ধারাবাহিক পারফরম্যান্স ছিল পাকিস্তানের খেলোয়াড়দের। দলটির অধিনায়ক সালমান আগার চোখে যেটা ‘ক্লিনিক্যাল পারফরম্যান্স’। ৫ ছক্কা ও ৬ চারে ওপেনার সাহিবজাদা ফারহানের ৪১ বলে ৭৩ রানের ইনিংসটি হতে পারে ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের আত্মবিশ্বাসের জায়গা। পরের ম্যাচটি যে তাঁদের ভারতের বিপক্ষেই।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে মাত্র ৪১ ইনিংসেই দেশের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় সাতে উঠে এসেছেন ফারহান। ৯৩ ইনিংসে ৯৫ ছক্কা নিয়ে শীর্ষে মোহাম্মদ রিজওয়ান। ফারহান ৫৮ ছক্কা মেরেছেন, অর্থাৎ গড়ে ইনিংসপ্রতি ১.৪১টি ছক্কা। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারা শীর্ষ ১২ জন ব্যাটসম্যানের মধ্যে এটি অনায়াসেই সেরা হার। ভারতের বিপক্ষে নিঃসন্দেহে এমন ফারহানকেই দেখতে চায় পাকিস্তান।
জয়ের পর ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সাংবাদিকদের ফারহান বলেছেন, ‘এশিয়া কাপে ভারতের বিপক্ষে আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও আমরা একই মানসিকতা নিয়ে নামব। ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা আত্মবিশ্বাসী মানসিকতায়ই আছি।’ গত বছর দুবাইয়ে টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপে শিরোপা জয়ের পথে তিনবার পাকিস্তানের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে ভারত। ফারহানের বিশ্বাস, এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার ফলটা ভিন্ন হবে, ‘এবার ফলটা অন্য রকম হবে, আমরা শক্তিশালী পারফরম্যান্স করব। এশিয়া কাপে ফাইনালসহ আমরা ভারতের বিপক্ষে তিন ম্যাচই হেরেছি; কিন্তু সেগুলো একপেশে ছিল না।’ সেই এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে শুধু ফাইনাল ছাড়া বাকি দুই ম্যাচেই পাকিস্তানের বোলারদের বেধড়ক পিটুনি দেন অভিষেক শর্মা। ভারতের এই ওপেনার প্রথম ম্যাচে করেন ১৩ বলে ৩১, এরপর সুপার ফোরে করেন ৩৯ বলে ৭৪। ফাইনালে ৬ বলে ৫ করে আউট হলেও ভারতীয় এই ওপেনার নিঃসন্দেহে টি-টুয়েন্টির দুনিয়ায় এখন বোলারদের জন্য আতঙ্কের এক নাম। ভারতের সমর্থকদের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, সেই অভিষেকই পেটের পীড়ায় অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দুই দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অভিষেক।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচের আগেই অসুস্থ ছিলেন অভিষেক। সেই ম্যাচে ১ বলে ০ রানে আউট হন। ম্যাচটি খেলার কারণে তাঁর শারীরিক অবস্থা নাকি আরও খারাপ হয়। অভিষেকের শরীরের তাপমাত্রা বেশ চড়া এবং স্যালাইনও দেওয়া হয়েছে। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের অনুশীলনেও অংশ নেননি। ভারতীয় সংবাদমাধ্যমটি জেনেছে, অভিষেক সংক্রমণে ভুগছেন।
দিল্লির এ স্টেডিয়ামেই আগামীকাল নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। অভিষেকের এই ম্যাচে খেলা নিশ্চিত নয়। এমনও হতে পারে পাকিস্তান ম্যাচে তাঁকে পুরোপুরি ফিট হিসেবে পেতে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে; কিন্তু পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগেই অভিষেক পুরো ফিট হয়ে উঠতে পারবেন কি না, সে প্রশ্ন থেকেই যায়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও মিড ডে এই শঙ্কার কথা জানিয়েছে। তবে মঙ্গলবার ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট সংবাদ সম্মেলনে বলেন, ‘অভিষেকের পেটে একটু সমস্যা হয়েছে। আমরা আশা করছি, দুই দিনের মধ্যে সে ম্যাচের জন্য ফিট হয়ে উঠবে।’
ভারতের হয়ে ৩৯ টি-টুয়েন্টিতে ১৯৪.৪৫ স্ট্রাইক রেটে ৩৬.০২ গড় অভিষেকের। সেঞ্চুরি ২টি, ফিফটি ৮টি। এমন এক বিস্ফোরক ওপেনারকে ভারত অবশ্যই পাকিস্তানের বিপক্ষে ফিট দেখতে চাইবে। আর পাকিস্তানের প্রত্যাশা কী, সেটা না বললেও চলে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.