আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
মেহেরপুরে দুই স্থানে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষ
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত সংবাদদাতা, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামায়াত ও বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এই দুই দলের কর্মী-সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হন। দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনা দুটি ঘটে। জয়পুর গ্রামে আহতরা হলেন- বিএনপি সর্মথক আশাদুল ও জামায়াত সর্মথক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ। তারা হলেন- শহিদুল ও আশরাফ হোসেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা প্রধানকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াতের দুই সমর্থককে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।
অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি সমর্থকরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.