আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শেরপুর সদরে ব্যালট বই ছিনতাই, একজনের ৩ বছর কারাদণ্ড
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত সংবাদদাতা, শেরপুর: শেরপুর-১ (সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যালট বই ছিনতাই ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার কিছু সময় আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল। তিনি বলেন, পরে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইটিতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল। তবে একটি গণভোটের ব্যালট বই এবং একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রশাসনকে জানানো হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এ ঘটনায় জাল ভোট দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন- নলবাইদ এলাকার হাবিবুর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৮) এবং একই গ্রামের আবুল হাসানের ছেলে মো. মাসুদ মিয়া। স্থানীয়ভাবে তারা ধানের শীষের সমর্থক হিসেবে পরিচিত।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ব্যালট বই ছিনতাইয়ের পাশাপাশি কিছু জাল ভোটের ঘটনাও ঘটে। জাল ভোটের সংখ্যা আনুমানিক ২৫টির মতো। যেসব ব্যালটের পেছনে সহকারী প্রিসাইডিং অফিসারের ইনিশিয়াল স্বাক্ষর নেই, সেগুলো শনাক্ত করে বাতিল করা হবে। কিছু জাল ভোট তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে এবং বাকিগুলো গণনার সময় বাতিল করা হবে। তিনি আরও জানান, আটক বেলাল হোসেনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।
অপরদিকে মাসুদ মিয়ার বিরুদ্ধে অভিযোগ গুরুতর হওয়ায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাল ভোটের কারণে প্রথম ট্রায়াল হিসেবে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সাজা প্রদান করেন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া। সাজার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.