• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিপুল ভোটে বিএনপির বিজয়

প্রভাত রিপোর্ট / ৬৭ বার
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বেসরকারি ফলাফলে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান (জাহিদ) বিজয়ী হয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসন: ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২,৩৪,১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৩৭,২৮১ ভোট।
ঠাকুরগাঁও-২ আসন: বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালাম পেয়েছেন ১,২১,০১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১,১৫,৭০৭ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসন: বিএনপি প্রার্থী জাহিদুর রহমান জাহিদ পেয়েছেন ১,৩২,৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৯০,৭৬৭ ভোট।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। তিনি জানান, ঠাকুরগাঁও জেলার তিনটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন শেষে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে নবনির্বাচিত সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন। বিশেষ করে বেকারমুক্ত যুবসমাজ গঠন, দারিদ্র্য হ্রাস এবং ঠাকুরগাঁওকে একটি সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
নবনির্বাচিত সংসদ সদস্যরাও নির্বাচনী প্রচারণাকালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও