আজ
|| ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শুরু হলো বার্লিন চলচ্চিত্র উৎসব, কে জিতবেন স্বর্ণ ভালুক
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত বিনোদন : বিশ্বরাজনীতিতে অস্থিরতা, দেশে দেশে মানবাধিকার লঙ্ঘন আর মতপ্রকাশের স্বাধীনতার ওপর বাড়তে থাকা চাপের পটভূমিতে শুরু হয়েছে ৭৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রখ্যাত জার্মান নির্মাতা উইম ওয়েন্ডারস।
উৎসব পরিচালক ট্রিসিয়া টাটল এএফপিকে বলেন, ‘মেরুকরণ ও দমন-পীড়নের এ সময়ে শিল্পের স্বাধীনতা রক্ষা করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।’ ডয়চে ভেলেকে দেওয়া আরেক সাক্ষাৎকারে টাটল বলেন, ‘বার্লিন রাজনৈতিক চলচ্চিত্রকে সমর্থন দিতে কখনো ভয় পায় না। এমন ছবি দেখায় যা হয়তো বিতর্ক তৈরি করতে পারে বা কঠিন আলোচনার জন্ম দেয়।’ তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এবারের উৎসব অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। হরর, রোমান্টিক, থ্রিলার থেকে নানা ধরনের নিরীক্ষাধর্মী সিনেমা রয়েছে।
এবারের উদ্বোধনী ছবি ‘নো গুড মেন’–এর নির্মাতা ইরানে জন্ম নেওয়া আফগান পরিচালক শাহরবানু সাদাত। ছবিটি আফগানিস্তানের এক টেলিভিশন চ্যানেলের নারী চিত্রগ্রাহক নারুকে কেন্দ্র করে, যিনি পুরুষদের প্রতি একধরনের হতাশা ও অবিশ্বাস নিয়ে বেঁচে আছেন। গল্পটি এগোয় এমন এক সময়ে, যখন পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পথে তালেবান। নারুর জীবনে আসেন এক সাংবাদিক সহকর্মী, যাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ এক দায়িত্ব নিয়ে কাজে বেরিয়ে নিজের বিশ্বাস ও ধারণাকে নতুন করে প্রশ্ন করতে শুরু করেন তিনি। তালেবান ক্ষমতা নেওয়ার পর শাহরবানু নিজেও দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তিনি জার্মানির হামবুর্গে বসবাস করছেন। ট্রিসিয়া টাটলের ভাষায়, ‘শাহরবানু তুলে না ধরলে আফগান নারীদের এই অভিজ্ঞতা হয়তো বিশ্ব দেখতে পেত না।’
উদ্বোধনী অনুষ্ঠানে অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়োকে দেওয়া হয় সম্মানসূচক স্বর্ণ ভালুক।
এবারের বার্লিনালে ১০ দিনে দেখানো হবে দুই শর বেশি চলচ্চিত্র। সর্বোচ্চ সম্মান স্বর্ণ ভালুকের (গোল্ডেন বেয়ার) জন্য লড়বে ২২টি ছবি। এবারের উৎসবের গুরুত্বপূর্ণ দিক হলো—নারী নির্মাতাদের শক্তিশালী উপস্থিতি। মূল প্রতিযোগিতার ২২টির মধ্যে ৯টিই নারী নির্মাতাদের সিনেমা। প্রতিযোগিতা বিভাগে থাকা গুরুত্বপূর্ণ সিনেমার মধ্যে রয়েছে করিম আইনুজের ‘রোজবুশ প্রুনিং’। পিতৃতান্ত্রিক পরিবারকে ব্যঙ্গ করে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন এল ফ্যানিং, ক্যালাম টার্নার, পামেলা অ্যান্ডারসন।
স্বর্ণ ভালুকের দৌড়ে আছে মার্কাস শ্লাইনজারের ‘রোজ’; ছবির প্রধান চরিত্রে আছেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। এ ছাড়া সানড্যান্সে সেরার পুরস্কার পাওয়া ‘জোসেপিন’ও আছে আলোচনায়। অনেক সমালোচক আবার মনে করছেন করনেল মুনড্রুসোর ‘অ্যাট দ্য সি’ সেরার পুরস্কার পেয়ে চমকে দিতে পারে। অ্যামি অ্যাডামস অভিনীত সিনেমাটির গল্প পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে আসা এক নারীর গল্প নিয়ে। ‘নাইটবর্ন’, ‘মাই ওয়াইফ ক্রাইজ’ সিনেমাগুলো নিয়েও আলোচনা আছে। এএফপি অবলম্বনে
Copyright © 2026 প্রভাত. All rights reserved.