আজ
|| ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
ভারত–পাকিস্তান ম্যাচে খেলতে পারে বৃষ্টিও
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত স্পোর্টস: এটি এমনই এক ম্যাচ, যেখানে সবাই থাকতে চান। অন্তত দর্শক হিসেবে গ্যালারিতে কিংবা টিভির সামনে। প্রকৃতিই–বা বাদ যাবে কেন! শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এতে আগামীকাল সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।
প্রেমাদাসা স্টেডিয়াম অবস্থিত কলম্বোর খেত্তারামায়। পূর্বাভাস অনুযায়ী, সেখানে দিনের শুরুতে সকালের আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপমাত্রা সর্বোচ্চ ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। তবে বিকেলজুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা এবং স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, কিছু আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর সময়ের আগের কয়েক ঘণ্টায় বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। এতে টসে দেরি হতে পারে কিংবা বাধ্য হয়ে ম্যাচের দৈর্ঘ্যও কমানো হতে পারে।তবে ক্রিকেটপ্রেমীদের জন্য আশার খবর হলো, প্রেমাদাসা স্টেডিয়ামের পানিনিষ্কাশনের ব্যবস্থা অত্যাধুনিক। কলম্বোর উষ্ণ ও ভারী বৃষ্টি সামাল দিতে মাঠকর্মীদের কার্যপদ্ধতি নির্ধারিত এবং তাঁরা বিশেষভাবে প্রশিক্ষিত। আন্তর্জাতিক অনেক ভেন্যুতে শুধু পিচ ঢেকে রাখা হলেও প্রেমাদাসায় পুরো মাঠ ঢাকার মতো পর্যাপ্ত কভার রয়েছে। এতে বৃষ্টির পানি মাঠে জমে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
মাঠকর্মীরা এক কভার থেকে আরেক কভারে পানি ঠেলতে ঠেলতে মাঠের চারপাশের ড্রেনে পৌঁছে দেন। এই পদ্ধতি সাধারণত যান্ত্রিক ‘সুপার সপার’ ব্যবহার করার চেয়ে দ্রুত ও বেশি কার্যকর। স্বাভাবিক পরিস্থিতিতে ভারী বৃষ্টি থামার পর সাধারণত ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে। শনিবারও ম্যাচের আগের দিনও প্রেমাদাসায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ভারতের অনুশীলন সেশন ব্যাহত হতে পারে বলে জানিয়েছে, ইএসপিএনক্রিকইনফো।
বছরের এ সময়ে কলম্বোয় আবহাওয়া সাধারণত শুস্কই থাকে। এখন বৃষ্টি হলে সেটি অনেকটাই মৌসুমবহির্ভূত। তবে টি–টুয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কোনো ম্যাচই খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হয়নি। যদিও কিছু ম্যাচে চোখরাঙানি ছিল। শ্রীলঙ্কা–ওমান ম্যাচে বৃষ্টির পূর্বাভাস থাকলেও খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর বৃষ্টি হয়। ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। পাকিস্তান (০.৯৩২) সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও রান রেটে ভারতের (৩.০৫০) সঙ্গে পিছিয়ে দুইয়ে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.