• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শেষ সময়ের গোলে মিলানকে বাঁচালেন মদ্রিচ

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত স্পোর্টস: রেলিগেশন জোনে থাকা দলের বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল এসি মিলান। তবে নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতেই গোল করে সেই হোঁচট খাওয়া থেকে দলকে বাঁচালেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। পিসার বিপক্ষে ২-১ গোলে জিতে সিরি-আ’য় ইন্টার মিলানের চেয়ে ব্যবধান ৫ পয়েন্টে কমিয়ে আনল এসি মিলান।
প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুক্রবার দাপুটে পারফরম্যান্স ছিল মিলানের ক্লাবটির। তবে ৩৯ মিনিটে গোল করার পর ৭১ মিনিটে ম্যাচ সমতা ফেরায় তারা ড্র নিয়ে মাঠ ছাড়ার শঙ্কায় ছিল। শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মেসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। এসি মিলানের হয়ে রুবেন লফটাস-চিক ও মদ্রিচ এবং পিসার পক্ষে ফেলিপে লোয়োলা একটি করে গোল করেন।
নিজেদের শেষ ৬ ম্যাচের মধ্যে তিনটিতেই ড্র করেছিল মিলান। এরমধ্যে তুলনামূলক দুর্বল পারফরম্যান্স নিয়ে পিছিয়ে থাকা ফিওরেন্টিনা এবং জেনোয়ার বিপক্ষে ম্যাচও ছিল। সেই ধারাবাহিকতায় লিগ টেবিলের তলানিতে থাকা পিসার বিপক্ষেও ড্র তাদের জন্য আরও শোচনীয় হতে পারত। বিরতিতে যাওয়ার আগে প্রায় ফাঁকায় থাকা রুবেন হেড দিয়ে গোল করে মিলানকে লিড এনে দেন। ব্যবধান আরও বাড়েনি বিরতির পর নিকলাস ফুলক্রুগ পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করায়।
ম্যাচের যখন আর ২০ মিনিট বাকি, তখন মিলানকে প্রবল ধাক্কা দিয়ে ফেলিপে লোয়োলা গোল করে পিসাকে সমতা ফেরান। রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার মদ্রিচ সেই ধাক্কা কাটিয়ে উঠে জয়ের পথ দেখান মিলানকে। সতীর্থকে বক্সে বল বাড়িয়ে দেওয়ার পর নিয়ন্ত্রণ হারালেও দ্রুতগতিতে দৌড়ে দুই স্পর্শ পিসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে জড়ান তিনি। জয় উদযাপনের আগমুহূর্তে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মিলানের ফরাসি তারকা আদ্রিয়েন র‌্যাবিওট।
২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সিরি-আ’য় টেবিলের দুইয়ে রয়েছে এসি মিলান। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। এরপর নাপোলি ৪৯ এবং ‍জুভেন্তাস ও রোমা সমান ৪৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও