আজ
|| ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টা
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত সংবাদদাতা, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে তোপের মুখে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাটের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভি। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যায়। অল্প সময়েই শতশত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমান।
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভি পলাতক রয়েছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.