• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চারবারের নির্বাচিত সংসদ সদস্য

নুরুল ইসলাম মনিকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বরগুনাবাসী

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

মো. জাফর ইকবাল, বিশেষ প্রতিনিধি: বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার মনিকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বরগুনাবাসী।
বরগুনার মানুষ মনে করেন, আলহাজ্ব নূরুল ইসলাম মনি মন্ত্রিত্ব পেলে উন্নয়নের নতুন দ্বার খুলবে এবং বদলে যাবে জেলার সামগ্রিক চিত্র।
বরগুনা জেলার বামনা-পাথরঘাটা ও বেতাগী এই তিন উপজেলা মিলে বরগুনার – ২ আসন। তাই এবারের প্রত্যাশা এই আসন তথা বরগুনা জেলাবাসী পূর্ণমন্ত্রী পেতে পারেন, এমন আশাবাদই এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু।
নূরুল ইসলাম মনি ১৯৫২ সালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মনিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭২ সালে যশোর শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে বিএসসি এবং ১৯৭৬ সালে এমএসসিতে ফার্স্ট ক্লাসসহ ডিগ্রি অর্জন করেন, ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি আগ্রহী নূরুল ইসলাম মনি।
পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি কর্মদক্ষতা দিয়ে দলের ভেতরে নিজের শক্ত অবস্থান তৈরি করে বরগুনা জেলা বিএনপি’র সভাপতি পদ লাভ করাসহ বর্তমানে তিনি বিএনপি’র জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদ লাভ করেন। তিনি প্রথমবার ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯০ সালে সংসদ ভেঙে যায়।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পুনরায় বিজয়ী হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয় লাভ করেন।
এই জয়ের পর তার নামের সঙ্গে মন্ত্রিত্ব যুক্ত হতে পারে—এমনটাই আশা করছেন বরগুনার মানুষ। তারা মনে করছেন, তিনি মন্ত্রী হলে জেলার উন্নয়নে নতুন গতি আসবে এবং সম্ভাবনার নতুন দুয়ার খুলবে।
এব্যাপারে পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মনির পাথরঘাটা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মো. ফারুক বলেন, নূরুল ইসলাম মনি দক্ষিণাঞ্চলের জন্য এক আশীর্বাদস্বরূপ। অতীতে তিনি পাথরঘাটার ব্যাপক উন্নয়নে ভূমিকা রেখেছেন। তাই দলের চেয়ারম্যান তারেক রহমান যদি তাকে মন্ত্রিত্ব প্রদান করেন, তবে বরগুনার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি বলেন, পাথরঘাটায় যত উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই নূরুল ইসলাম মনির উদ্যোগ ও নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে। তাই এবারও বরগুনাবাসীর প্রত্যাশা—তার নেতৃত্বে জেলায় আরও ব্যাপক ও দৃশ্যমান উন্নয়ন হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও