প্রভাত স্পোর্টস : অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালে হারের পর বার্সেলোনা আরেকটি ধাক্কা খেল। লা লিগার শীর্ষস্থান থেকে নামতে হলো তাদেরকে। গতকাল (শনিবার) ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে এক নম্বরে এখন রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে এদিন বেঞ্চ থেকে খেলা দেখেছেন। বাঁ হাঁটুর অস্বস্তির কারণে সম্প্রতি দলের অনুশীলনে খুব একটা দেখা যায়নি তাকে। শুক্রবার আলভারো আরবেলোয়া তাকে খেলানোর আভাস দিলেও ঝুঁকি নেননি। এমবাপেকেও নামা লাগেনি। তিনি ও হ্যামস্ট্রিং ইনজুরিতে জুড বেলিংহাম বেঞ্চে বসে দলের জয় দেখেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত থাকা রিয়াল বার্সেলোনাকে দুই পয়েন্ট পেছনে ফেলে এক নম্বরে। সোমবার জিরোনার বিপক্ষে খেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী সপ্তাহে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের আগে এই জয় রিয়ালের আত্মবিশ্বাসের রসদ জোগাল। পঞ্চম মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রস থেকে হালকা ছোঁয়ায় গনসালো গার্সিয়া গোলমুখ খোলেন। তরুণ এই অ্যাটাকার আরও ভালো কিছু সুযোগ নষ্ট করে হতাশ করেছেন।
ইয়াঙ্গেল হেরেরাকে ডিন হুইসেন ফাউল করলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। ২১তম মিনিটে মিকেল ওয়ারজাবাল গোলপোস্টের মাঝ দিয়ে জাল কাঁপান।
চার মিনিট পর আবার পেনাল্টির বাঁশি বাজান রেফারি ফ্রাঙ্কিস্কো হোসে হার্নান্দেজ। ভিনিসিয়ুসকে ফেলে দেন জন আরামবুরু। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই স্পট কিক থেকে শট নেন এবং দ্বিতীয়বার লিড পায় রিয়াল।
মাদ্রিদ অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে ৩১তম মিনিটে তৃতীয় গোল করেন। পেনাল্টি বক্সের প্রান্তে ভালো জায়গা বের করে চলতি মৌসুমের প্রথম গোল করেন তিনি।
বিরতির আগে গার্সিয়া আরেকটি গোল পেতে পারতেন। ভালভার্দের বাড়ানো বলে সহজে জাল কাঁপানোর সুযোগ পেলেও ব্যর্থ তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস। আবার আরামবুরু তাকে ফেলে দেন এবং ব্রাজিলিয়ান তারকা নিজেই শট নিয়ে বল লক্ষ্যে রাখেন। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে নামেন দানি কারভাহাল। ম্যাচের প্রায় এক ঘণ্টার দিকে আলেক্সান্ডার আর্নল্ডের বদলি হন তিনি। অক্টোবরে বার্সেলোনার কাছে ২-১ গোলে হারের পর কারভাহাল প্রথমবার লিগ ম্যাচ খেললেন।