• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় পরিত্যক্ত মুদি দোকান থেকে ৩ বালতি ভর্তি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। প্রাথমিক ধারণা অনুযায়ী, সেখানে অর্ধশতাধিক ককটেল থাকতে পারে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় টহল জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় মানিক শিকদারের বাড়িতে অভিযান চালায় সেনাসদস্যরা। তল্লাশিকালে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে ৩টি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে সেগুলো খুলে বিপুল পরিমাণ ককটেল পাওয়া যায়। এ সময় একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও উদ্ধার করা হয়।
১৯ বীর-এর সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ককটেল ও ব্যাটারিগুলো স্থানীয় থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনও ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও