• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, খুলনা : সুন্দরবনে চোরা শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়ে আহত সেই বাঘটি সুস্থ হয়ে উঠছে। খুলনায় রেসকিউ সেন্টারে ৪২ দিন ধরে বাঘটির চিকিৎসা চলছে। সুস্থ ও স্বাভাবিক হচ্ছে বাঘটি, তবে সম্পূর্ণ সুস্থ হতে বাঘটির আরও চিকিৎসা প্রয়োজন। এখনও ওষুধ ও ইনজেকশনসহ দেওয়া হচ্ছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক বলেন, ‘চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী বাঘটির চিকিৎসা চলছে। এখন অনেকটা সুস্থ। প্রতিনিয়ত গর্জন করছে। সম্পূর্ণ সুস্থতার পরই বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে। এখনই অবমুক্ত করলে বাঘটির সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্পূর্ণ সুস্থতার জন্য চিকিৎসা চালাতে হচ্ছে। পায়ের ক্ষত এখন শুকাচ্ছে। বাঘটির চলাফেরা স্বাভাবিক হয়ে আসছে।’ গত ৩ জানুয়ারি বিকালে সুন্দরবন বিভাগের কর্মকর্তারা খবর পান, একটি বাঘ চাঁদপাই রেঞ্জের জয়মনির শরকির খাল সংলগ্ন স্থানে হরিণের ফাঁদে আটকে পড়ে। এরপর বাঘটি উদ্ধারের জন্য ঢাকায় খবর দেওয়া হয়। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম ৪ জানুয়ারি দুপুরে ঘটনাস্থলে পৌঁছে। তারা বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করে।
এরপর সেটিকে রাতেই খুলনা রেসকিউ সেন্টারে নিয়ে আসে এবং চিকিৎসা শুরু করে। ৬ জানুয়ারি ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমও খুলনায় এসে বাঘটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা ব্যবস্থাপনার বিষয়টি মনিটরিং করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও