প্রভাত বিনোদন : সরাসরি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানা একে অপরকে উল্লেখ করেছেন ‘কাছের বন্ধু’ হিসেবে। গত কয়েক বছরে এই দক্ষিণি তারকা জুটির বাগ্দানের গুঞ্জন ছড়িয়েছে বহুবার। সবশেষ গত বছরের অক্টোবরে তাঁদের গোপন বাগ্দানের প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম। চলতি বছরের শুরুতে একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। এরই মধ্যে তাঁদের বিয়ে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। বিয়ের ভিডিওর স্বত্ব নাকি কিনতে চেয়েছিল ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়েছেন বিজয়-রাশমিকা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, চলতি মাসের ২৬ তারিখ বিয়ে করছেন বিজয়-রাশমিকা। আর তাঁদের বিয়ের একচ্ছত্র স্ট্রিমিং স্বত্ব পেতে নেটফ্লিক্স বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার বিশাল প্রস্তাব দিয়েছিল। এই চুক্তি হলে বিলাসবহুল গন্তব্যে আয়োজিত তাঁদের বিয়ের বিশেষ অনুষ্ঠান প্ল্যাটফর্মে দেখার সুযোগ পেতেন ভক্তরা। তবে বিপুল অর্থের প্রস্তাব সত্ত্বেও বিজয় ও রাশমিকা সেটি নাকচ করেছেন বলে জানা গেছে।
এটি সাম্প্রতিক সময়ে বিয়ে-সংক্রান্ত ওটিটি প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম বড় ছিল। টলিউডভিত্তিক সংবাদমাধ্যম টুপাকির প্রতিবেদনে বলা হয়েছে, নয়নতারা ও ভিগনেশ শিবনের বিয়ের সময় যে ধরনের আইনি ও বাণিজ্যিক জটিলতা তৈরি হয়েছিল, তা মাথায় রেখেই এই জুটি সতর্ক। বিজয় নাকি অনুষ্ঠানটিকে বাণিজ্যিক রূপ না দিয়ে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিসরে রাখতে চান।
ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পর হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে সংবর্ধনার আয়োজন করতে পারেন রাশমিকা ও বিজয়। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
রাশমিকা ও বিজয় একসঙ্গে কাজ করেছেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে। এই দুই ছবির পর থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে দুই তারকার ভ্রমণের ছবিতে একরকম পটভূমি দেখে ভক্তরা সম্পর্কের ইঙ্গিত খুঁজে পান। কয়েক বছর ধরেই তাঁদের প্রেম ও বিয়ে নিয়ে নিয়মিত গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা বলেছিলেন, চার বছর ধরে এই গুঞ্জন চলছে। তবে সঠিক সময়ে তিনি নিজেই সব কথা বলবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর এ বক্তব্যের পর থেকেই ভক্তরা ধরে নিচ্ছিলেন, বড় কোনো ঘোষণা আসতে পারে খুব শিগগির।