বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিএনপিকর্মী সতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতা শহিদুলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেলায়েত হোসেন ড্রিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে এই মানববন্ধন কর্মসুচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল কুদ্দুস হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলামসহ আরও অনেকে।
মানবন্ধনে বক্তারা বলেন, নির্বাচন পরবর্তি সহিংসতায় সরাসরি জড়িত থাকায় বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল হাওলাদারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।ছাত্রদল কখনো সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দিবে না। আমরা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই। ওসমান সরদার হত্যাকান্ডে জড়িত সকল ব্যাক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে।
তারা আরও জানান,বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল হাওলাদারের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট-২ আসনের বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন ও ‘বিদ্রোহী প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সদর উপজেলার পারনওয়াপাড়া ও কচুয়া উপজেলার ছিটাবাড়ি গ্রামে হওয়া দু’পক্ষের ওই সংঘর্ষে গুরুত্বর আহত ওসমান সরদার চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই হামলায় বেলায়েত হোসেন ড্রিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল হাওলাদার সরাসরি জড়িত বলে জানায় এলাকাবাসি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, হত্যাকান্ডের বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।