• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনের বহু এলাকা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে অনুমোদন দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার আগমীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে: নেতানিয়াহু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’ নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: অর্থনীতি পুনরুজ্জীবনের আশা ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেশির ভাগ নিত্যপণ্যের আমদানি বেড়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে, সময় বাড়িয়েছে এনবিআর

মৌসুমের শেষ অর্ধে ইউরোপিয়ান ফুটবল : স্পষ্ট হচ্ছে পয়েন্ট টেবিলের চিত্রও

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত স্পোর্টস : মৌসুমের শেষ অর্ধে প্রবেশ করেছে ইউরোপিয়ান ফুটবল। এরই মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে পয়েন্ট টেবিলের চিত্রও। কোথাও তুমুল লড়াইয়ের আভাস মিলছে, আবার কোথাও শীর্ষে থাকা দলটি এগিয়ে যাচ্ছে তরতর করে। লা লিগায় যেমন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা লড়ছে সমানে সমানে। একই অবস্থা প্রিমিয়ার লিগেও। শেষ দিকে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ফরাসি লিগ ‘আঁ’তেও শিরোপা হারানোর হুমকিতে আছে পিএসজি। তবে সিরি ‘আ’ ও বুন্দেসলিগার চিত্র ভিন্ন। ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ দুই দলই শিরোপা জয়ের পথে সুবিধাজনক অবস্থানে আছে।
লা লিগা
পরশু রাতে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪–১ গোলে জিতে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। তবে রিয়ালকে আজ রাতেই টপকে যাওয়ার সুযোগ আছে বার্সার। সে জন্য জিরোনার মাঠে বার্সাকে জিততে হবে। ম্যাচটি জিতলে ৬১ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠবে বার্সা। কিন্তু কাতালান ক্লাবটি যদি পয়েন্ট হারায় তবে শীর্ষস্থান থেকে যাবে রিয়ালের দখলে, যা মৌসুমের এই পর্যায়ে এসে বেশ চাপে ফেলবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়নদের।
প্রিমিয়ার লিগ: প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শুরু থেকে দাপট দেখিয়েছে আর্সেনাল। কিন্তু শেষ পর্বে এসে সেই দাপট কিছুটা কমে গেছে। শেষ ৫ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে গানাররা। ফলে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে থাকলেও ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান অনেকটাই কমে গেছে।
২৬ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৫৩। যারা নিজেদের শেষ ম্যাচে ফুলহামকে হারিয়েছিল ৩–০ গোলে। শেষ দিকে পয়েন্ট হারিয়ে এর আগেও সিটির কাছে শিরোপা হারিয়েছে আর্সেনাল। এবারও তেমন কিছু হয় কি না, সেটাই দেখার অপেক্ষা।
সিরি ‘আ’: সিরি ‘আ’তে গতকাল রোববার জুভেন্টাসকে ৩–২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই জয়ে শিরোপা লড়াইয়ে অনেক দূর এগিয়ে গেল ইন্টার। ২৫ ম্যাচে ইন্টারের পয়েন্ট এখন ৬১। এক ম্যাচ কম খেলে এসি মিলানের পয়েন্ট ৫৩ । অর্থাৎ মিলান যদি পরের ম্যাচে জেতেও, তবু তারা ইন্টারের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে থাকবে। সব মিলিয়ে বড় কোনো নাটকীয়তা না ঘটলে ইন্টারের শিরোপা পুনরুদ্ধার করা অনেকটাই অনুমেয়।
বুন্দেসলিগা : বুন্দেসলিগায় লাগামটা নিজেদের হাতে রেখেছে বায়ার্ন মিউনিখ। সর্বশেষ ম্যাচে ওয়ের্ডের ব্রেমেনকে ৩–০ গোলে হারিয়েছে তারা। এর ফলে ২২ ম্যাচে বায়ার্নের পয়েন্ট এখন ৫৭। সমান ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫১, যারা নিজেদের সর্বশেষ ম্যাচে মেইঞ্জকে হারিয়েছে ৪–০ গোলে। তবে বায়ার্ন যদি নিজেদের ছন্দ ধরে রাখে, তবে তাদের পেছনে ফেলে শিরোপা জেতা বেশ কষ্টসাধ্যই হবে ডর্টমুন্ডের জন্য।
ফ্রেঞ্চ লিগ ‘আ’: এ মৌসুমে শিরোপা ধরে রাখা নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে আছে ইউরোপিয়ান ও ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি। লিগে লাঁসের সঙ্গে তাদের চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সর্বশেষ ম্যাচে প্যারিস এফসিকে ৫–০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে লাঁস। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫২।
তবে লাঁসের হুমকির চেয়ে পিএসজিকে বেশি ভাবতে হচ্ছে নিজেদের পারফরম্যান্স নিয়ে। সর্বশেষ ম্যাচে রেঁনের কাছে পিএসজি হেরেছে ৩–১ গোলে। এই হারের পর ২২ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫১। এই পরিস্থিতিতে দ্রুত না ঘুরে না দাঁড়ালে শিরোপা হাতছাড়া হতে পারে লুইস এনরিকের দলের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও