আজ
|| ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে বিএনপির এমপিরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তবে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথই গ্রহণ করবেন না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। আমরা সেখানে যাব। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না।
কঠোর এই অবস্থানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা মনে করি সংস্কারবিহীন সংসদ অর্থহীন। তাই সংস্কার প্রক্রিয়া নিশ্চিত না হলে কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়াটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছিল। তবে সকালে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। কারণ হিসেবে তিনি সংবিধানে এ-সংক্রান্ত বিধান না থাকার কথা উল্লেখ করেন।
বিএনপির এই অবস্থানের প্রেক্ষিতে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া জামায়াতে ইসলামীর এ ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.