প্রভাত রিপোর্ট: সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে গত ১ বছরে প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকার অবৈধ পণ্য, নিষিদ্ধ জাল ও মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করা হয়। ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৬৬৮টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১ হাজার ৫২৭ জন সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করার কথা জানিয়েছে কোস্টগার্ড। একই সময়ে পাচারের শিকার ২৯৭ জনকে উদ্ধার করেছে বাহিনীটি।
কোস্টগার্ড জানায়, মাদকবিরোধী অভিযানে প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩৮ লাখ ৯২ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া ৬৯ লাখ টাকা মূল্যের ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ লাখ অবৈধ সিগারেট এবং ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ২৬ হাজার লিটার মদ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৬৭০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দর এলাকার নিরাপত্তা জোরদারের ফলে বহিঃনোঙ্গর এলাকায় দস্যুতা শূন্যের কোঠায় নেমে এসেছে। সমুদ্রবন্দরের রেটিং আগের তুলনায় উন্নত হয়েছে। তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতি, এমটি বাংলার সৌরভ এবং বিএলপিজি সোফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোস্ট গার্ড ‘ফার্স্ট রেসপন্ডার’হিসেবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ প্রতিরোধে কাজ করেছে। এ ধরনের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন থেকে ‘লেটার অব কমেন্ডেশন’অর্জন করেছে বাহিনীটি।
মৎস্যসম্পদ সংরক্ষণে পরিচালিত অভিযানে ১ বছরে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ রেণু পোনা, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলিসহ চিংড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া এসব অভিযানে ২৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল এবং ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।