প্রভাত সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ : নির্বাচনী ছুটির পর একযোগে নেমে পড়া পণ্যবাহী যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার সকাল ৯টা থেকে এই তিনটি গুরুত্বপূর্ণ সড়কে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পরিস্থিতি আরও জটিল করেছে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে চলমান সড়ক সম্প্রসারণ কাজ। এতে যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে যাওয়ায় যানজট আরো তীব্র হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান জানান, নির্বাচনের কারণে বেশ কয়েকদিন পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ ছিল। ছুটি শেষ হতেই সব গাড়ি একসঙ্গে রাস্তায় নামায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মদনপুরের পরের সড়কগুলো এখনো স্বাভাবিক আছে। তিনি আরও বলেন, ‘যানজটের পেছনে আরেকটি কারণ হলো রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের পণ্য পরিবহনের চাপ হঠাৎ বেড়ে যাওয়া। যদিও যাত্রীবাহী বাসের চাপ তুলনামূলক কম, তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যা অনেক বেশি।’