আজ
|| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
`জলাবদ্ধতা নিরসন ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব’
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
খন্দকার মাহাবুবুর রহমান, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক গতিশীলতা যাচাইয়ে দিনব্যাপী বিশেষ পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসসহ প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক আহমেদপুর মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় ও দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ‘এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন।
এরপর জেলা প্রশাসক বড়াইগ্রাম থানা পরিদর্শন করেন। তিনি থানার কার্যক্রম ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়াও তিনি বড়াইগ্রাম পৌরসভা ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
বড়াইগ্রাম উপশহরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনকল্পে জেলা প্রশাসক উক্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। ভুক্তভোগী সাধারণ মানুষের কষ্টের কথা শুনে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, "সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায়ে সুশাসন ও সেবা পৌঁছে দেওয়া। শিক্ষার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।"
Copyright © 2026 প্রভাত. All rights reserved.