প্রভাত অর্থনীতি: দেশের বাজারে আজ আবার কমল সোনার দাম। এ নিয়ে টানা দুই দিন সোনার দাম কমল। এবার ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা কমানো হয়েছে সোনার দাম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দাম কমানোর পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৯ টাকা। ফলে দুই দিনে সোনার দাম ভরিপ্রতি কমেছে ৫ হাজার ৪৮১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার সকালে এ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। সে কারণে সোনার দাম কমানো হয়েছে। যদিও মূল কারণ হলো বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা; ১৮ ক্যারেট সোনার দাম পড়ছে ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা। এ ছাড়া সনাতনী পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। এমনও হয়েছে, সকালে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাতে আবার কমানো হয়েছে। ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। এ পর্যন্ত দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।
মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। সোমবার বিশ্ববাজারে সোনার দাম আবার পাঁচ হাজার ডলারের নিচে নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিশ্ব বাজারে সোনার দাম ৪৮ ডলার বাড়লেও তা এখনো ৫ হাজার ডলারের নিচে। প্রতিবেদন লেখার সময় সোনার দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ৯৩৭ ডলার। একই সঙ্গে কমেছে রুপার দাম। এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার মার্কিন শেয়ারবাজারে বড় পতনের পর বিক্রির চাপ বাড়ায় সোনার দর ৩ শতাংশ কমে যায়। সেদিনও সোনার দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ডলারের নিচে নেমে আসে। তবে গত শনিবার সোনার দাম আবার পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যায়।