প্রভাত স্পোর্টস : ইতিহাদে খেলা শেষের বাঁশি বাজার পর পেপ গার্দিওলার বাঁধনহারা উদ্যাপনই সব বলে দিচ্ছিল। কোচিং স্টাফের সঙ্গে বুকে বুক মিলিয়েছেন। মুষ্টিবদ্ধ হাতে বাতাসে ‘পাঞ্চ’ করলেন কয়েকবার। মুখেও হাসি লেগেছিল। দেখে মনে হয়েছে, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শুধু ৩ পয়েন্ট নয়, আরও বেশি কিছু জিতেছেন গার্দিওলা! সেই ‘বেশি’ আসলে পয়েন্ট তালিকায় ব্যবধান কমানো। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে নিউক্যাসলের বিপক্ষে ২-১ গোলে সিটির জয়ের পর সেই ব্যবধান এখন মাত্র ২ পয়েন্টের। গত বৃহস্পতিবার রাতে তালিকায় তলানির দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে ড্র করে পয়েন্ট খোঁয়ায় আর্সেনাল। এরপর নিজেদের কাজটা ঠিকমতো করতে পেরে গার্দিওলার সে কী আনন্দ! প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ের নিয়ন্ত্রণ যে এখন গার্দিওলার দলের হাতেও।
লিগে সিটি আর খেলবে ১১ ম্যাচ। এর মধ্যে আর্সেনাল-সিটি ম্যাচও আছে। এখন সিটি যদি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যাচসহ তাদের হাতে থাকা ১১ ম্যাচই জেতে তাহলে চ্যাম্পিয়ন তারাই হবে। আর্সেনালের ক্ষেত্রেও একই কথা বলা যায়। এপ্রিলে ইতিহাদে সিটির বিপক্ষে ম্যাচসহ তারা যদি হাতে থাকা ১১ ম্যাচই জিততে পারে, তাহলে মিকেল আরতেতার দলই চ্যাম্পিয়ন হবে। আপাতত ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। তবে গার্দিওলা বেঁচে গেছেন কারণ নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটি ড্রও হতে পারত, যদি ৯৫ মিনিটে দারুণ এক সেভ না করতেন সিটি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। তার আগে প্রথমার্ধের ১৪ ও ২৭ মিনিটে জোড়া গোল করেন সিটির লেফট ব্যাক নিকো ও’রেইলি। ম্যাচের আরেকটি গোলও হয়েছে এই অর্ধেই। ২২ মিনিটে গোল করেন নিউক্যাসল লেফট ব্যাক লুইস হল।
গার্দিওলা এতটাই খুশি হয়েছেন যে জয়ের পর বলেছেন তাঁর খেলোয়াড়রা ‘জীবনকে উপভোগ’ করতে তিন দিনের ছুটি পেতে পারে, ‘এখন আমাদের তিন দিন ছুটি। আমি তাদের বলেছি, এই তিন দিনে তোমাদের যা করতে হবে তা হলো প্রচুর “কাইপিরিনহা আর ডাইকিরি” (ককটেল) খেয়ে জীবনটা উপভোগ করা।’ তারপর অনুশীলনে ফিরে আগামী শনিবার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে গার্দিওলার দল। নিউক্যাসলের বিপক্ষে জয় নিয়ে সিটির এ কোচ বলেছেন, ‘বিশাল জয়। নিউক্যাসল অবিশ্বাস্য দল। আক্রমণভাগে তাদের শারীরিক সক্ষমতা ও গতি দুর্দান্ত। মাঝমাঠেও শারীরিকভাবে সক্ষম। ম্যাচটি ভীষণ কঠিন ছিল তবে আমাদের দলটি ছিল অবিশ্বাস্য। আজকের ম্যাচে যা ঘটেছে সেটা পরবর্তী ১১ ম্যাচেও হবে। সব ম্যাচেই এমন লড়াই হবে।’
স্টামফোর্ড ব্রিজে শনিবার রাতে বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১০ জনের চেলসি। হোয়াও পেদ্রো ৪ মিনিটে গোল করে এগিয়ে দেন চেলসিকে। ৭২ মিনিটে মারাত্মক ট্যাকল করার শাস্তি হিসেবে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি সেন্টার ব্যাক ওয়েসলি ফোফানা। এ মৌসুমে ছয়টি লাল কার্ড দেখলেন চেলসির খেলোয়াড়রা। প্রিমিয়ার লিগে এ মৌসুমে আর কোনো ক্লাব এত বেশি লাল কার্ড দেখেনি। ৯৩ মিনিটে স্ট্রাইকার জিয়ান ফ্লেমিংয়ের গোলে সমতায় ফেরে বার্নলি। চারে থাকা চেলসির সংগ্রহ ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট।
ব্রেন্টফোর্ডের মাঠে শনিবার রাতে ব্রাইটনের ২-০ গোলে জয়ের ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েন জেমস মিলনার। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন ব্রাইটনের ৪০ বছর বয়সী এ ফুলব্যাকের। ৯০ মিনিটে বদলি হয়ে নেমে গ্যারেথ ব্যারির ৬৫৩ ম্যাচ খেলার রেকর্ডকে পেছনে ফেলেন মিলনার। লিডস ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ব্রাইটনের হয়ে খেলেছেন মিলনার। সিটির হয়ে দুবার এবং লিভারপুলের হয়ে একবার জিতেছেন লিগ শিরোপা। প্রিমিয়ার লিগে ৬৫৪ ম্যাচে ৫৬ গোল করেছেন মিলনার। গোল করিয়েছেন ৯০টি।