আজ
|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
নিষ্প্রভ মেসি, হার দিয়ে মৌসুম শুরু ইন্টার মায়ামির
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত স্পোর্টস : ইন্টার মায়ামির মৌসুমের প্রথম ম্যাচ। লিওনেল মেসি তাতে খেলতে পারবেন কি না, সে প্রশ্ন ছিল। মায়ামির হয়ে প্রাক্–মৌসুম সফরে ইকুয়েডরে ৭ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির প্রথম ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তির খেলার বিষয়টি তখন নিশ্চিত ছিল না। কিন্তু সেরে ওঠার প্রত্যাশিত সময়ের চেয়ে আগে অনুশীলনে ফেরেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ১৮ ফেব্রুয়ারি মায়ামির অনুশীলনে ফেরেন তিনি। শেষ পর্যন্ত মেসিকে নিয়েই বাংলাদেশ সময় আজ সকালে এমএলএস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হয় মায়ামি। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি হাভিয়ের মাচেরানোর দলের। লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩-০ গোলের হারে নতুন মৌসুম শুরু করল মায়ামি।
কাগজে-কলমে এটা ছিল লিগে সবচেয়ে শক্তিশালী দুই দলের ম্যাচ। লিগে সেরা দুই তারকার লড়াইও বলা যায়। কারণ, মায়ামির একাদশে যেমন ছিলেন মেসি, তেমনি লস অ্যাঞ্জেলসের একাদশে ছিলেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। তাতে জয়টা হয়েছে সনেরই। ৮৯ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার আগে প্রথমার্ধে ৩৭ মিনিটে ডেভিড মার্তিনেজকে দিয়ে একটি গোল করান সন। আর মেসি পুরো সময় মাঠে থেকেও ছিলেন নিজের ছায়া হয়েছে। বারবার বলের দখল হারিয়েছেন, দেখে মনে হয়েছে ছন্দে নেই। ৭৩ মিনিটে ডেনিস বুয়োঙ্গা এবং ৯৪ মিনিটে নাথান ওরদাজ লস অ্যাঞ্জেলসের হয়ে দুটি গোল করেন।
বিরতির পর এমএলএস কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জালে আরও একটি গোল করাতে পারতেন সন। কিন্তু এমএলএসে সবচেয়ে দামি খেলোয়াড়টির পাস থেকে গোল করতে পারেননি বুয়োঙ্গা। তবে মেসি ও সনের লড়াই দেখার আগ্রহ থেকেই সম্ভবত লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলোসিয়াম স্টেডিয়ামে ৭৬ হাজার দর্শক হয়েছিল এমএলএসের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে সহজ সুযোগ থেকে মেসির গোল করতে না পারায় দর্শক অবশ্য হতাশ হতে পারেন। চলতি বছর এটাই ছিল মেসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.